কালীগঞ্জে পরিত্যক্ত চাইনিজ পিস্তল উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৩
ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি চাইনিজ পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার ছাগল হাটের পশ্চিম পাশের একটি ফাঁকা স্থান থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ পিস্তল উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা রাত ১টা ৩০ মিনিটের দিকে নতুন বাজার ছাগল হাটের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন। সেখানকার একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় চাইনিজ পিস্তলটি পাওয়া যায়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত পিস্তলটি আলামত হিসেবে থানায় সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বুরহান উদ্দীন/এআরএস

