টাঙ্গাইলে নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ সমর্থকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৬
ছবি : সংগৃহীত
টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনি মিছিলে যোগ দিতে এসে অসুস্থ হয়ে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনি প্রচারের শেষ দিনের মিছিল শুরুর প্রাক্কালে একজন এবং মিছিল চলাকালে অপরজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যায়। তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
এ বিষয়ে শোক জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি বলেন, নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। তাদের দাফন-কাফনের সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রেজাউল করিম/এআরএস

