গুম হওয়া নারীর সন্ধানে র্যাবের দিনভর অভিযান
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৩
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে গুম হওয়া এক নারীর সন্ধানে আসামিদের নিয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শ্রীপুর পৌরসভার সিএন্ডবি বাজারের বেড়াইদেরচালা গ্রামে আব্দুল লতিফ নামের এক ব্যক্তির বহুতল ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে অনুসন্ধান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১ গাজীপুর ক্যাম্পের সদস্যরা ও শ্রীপুর থানা পুলিশ। অনুসন্ধানে সেখানে গুম হওয়া নারীর সন্ধান মেলেনি। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা পৌনে ২টায় অভিযান সমাপ্ত হয়।
জানা গেছে, চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝি সময়ে মোছা. সুমাইয়া (১৯) নামের এক নারী নিখোঁজ হন। তিনি শ্রীপুরের একটি কারখানায় চাকরি করতেন। সুমাইয়া কিশোরগঞ্জ জেলার ইটনা থানার আমিরগঞ্জ গ্রামের সেলিম মিয়ার মেয়ে ও শ্রীপুরের কাওরাইদ এলাকার মো. হানিফ মিয়ার(৪০) স্ত্রী। এ ঘটনায় সুমাইয়ার মা তাসলিমা আক্তার বাদি হয়ে গত ২৬ জুলাই শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে মামলা প্রেক্ষিতে হানিফসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই মামলাটি পুলিশের পাশাপাশি র্যাব-১ তদন্ত করছে। র্যাব ও পুলিশের অনুসন্ধান চলাকালে বেড়াইদেরচালা গ্রামে ঘটনাস্থলের পাশে উপস্থিত ছিলেন নিখোঁজ সুমাইয়ার মা তাসলিমা আক্তার।
তিনি ঘটনার বর্ণনায় বলেন, ‘প্রায় আড়াই বছর আগে বিভিন্ন প্রলোভনে তার মেয়েকে হানিফ মিয়া বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর হানিফ নারীদের দিয়ে দেহ ব্যবসা করেন বলে তিনি জানতে পারেন। এ বিষয়ে জিজ্ঞেস করলে হানিফ রাগান্বিত হন ও হুমকি দেন। কয়েকদিন পর তার মেয়ে স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান। পরে আবারও সুমাইয়াকে ফুসলিয়ে বাবার বাড়ি থেকে নিয়ে যান হানিফ। এরপর থেকে সুমাইয়ার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছিলেন সুমাইয়ার পরিবার। সুমাইয়ার বিষয়ে জিজ্ঞেস করলে হানিফ তালবাহানা শুরু করেন। সন্দেহ হলে তিনি এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দেন।
সুমাইয়ার চাচা রিদয় বলেন, ‘হানিফ মিয়া একজন খারাপ প্রকৃতির লোক। খোঁজ পেয়ে তার থেকে সুমাইয়াকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১ গাজীপুর ক্যাম্পের সৈনিক মো. মাহফুজুর রহমান বলেন, ‘এ ঘটনায় তিন আসামিকে নিয়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুমাইয়ার খোঁজ করা হচ্ছে।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘গত ২৬ ডিসেম্বর নিখোঁজের মা থানায় আসেন। তিনি সুমাইয়ার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেন।পরে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে সুমাইয়াকে হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে স্বীকার করেন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেড়াইদেরচালা গ্রামে অভিযান চালানো হয়েছে। একটি সেপটিক ট্যাংকির ভেতর অনুসন্ধান চালিয়ে সেখানে কিছুই পাওয়া যায়নি।’
আতাউর রহমান সোহেল/এমআই

