নির্বাচনি নিরাপত্তায় মির্জাপুরে যৌথ বাহিনীর ‘ডমিনেশন পেট্রোল’
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে ‘ডমিনেশন পেট্রোল’ পরিচালনা করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত এ বাহিনী নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ভোটারদের আশ্বস্ত করতে এ কার্যক্রম পরিচালনা করে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর উপজেলা কমপ্লেক্স সামনে থেকে পেট্রোলিং শুরু হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড, চরপাড়া, পাকুল্যা, জামুর্কী, মির্জাপুর বাইপাস, দেওহাটা, ধেরুয়া ও গোড়াই এলাকা প্রদক্ষিণ করে যৌথ বাহিনী। তাদের গাড়িবহর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা বার্তা পৌঁছে দেয়।
মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আল জূহেব বলেন, ‘একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ পেট্রোলিং পরিচালনা করা হয়েছে।’
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা নিশ্চিন্ত মনে ভোটকেন্দ্রে আসুন। নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি। কারো মনে যেন ভয়-ভীতি সৃষ্টি না হয়, সে জন্য আমরা কাজ করছি। আমরা সব বাহিনী স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি।’
এ কার্যক্রমে সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, বিজিবির নায়েক সুবেদার ওহাব আলী, র্যাব সিপিসি-১৪ এর ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেনসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
রাব্বি ইসলাম/এআরএস

