বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণ, অর্ধশতাধিক দগ্ধ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২২
ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক নেতাকর্মী দগ্ধ হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর হোন্ডা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পূর্বনির্ধারিত নির্বাচনি গণমিছিলে অংশ নিতে টঙ্গীবাজার বাটাগেট এলাকায় নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে হোন্ডা রোডের মাথায় বিএনপির কার্যালয়ের সামনে রাখা একটি গ্যাস বেলুনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশে অর্ধশতাধিক নেতাকর্মী দগ্ধ হন। পরে দগ্ধদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে রয়েছেন অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন বলেন, গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের মধ্যে অনেকের শরীরের ১৮ থেকে ২০ শতাংশ দগ্ধ হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের নিয়ে আসা মো. রবিউল ইসলাম বলেন, বিকেলে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনি প্রচারণা চলছিল। এ সময় একটি ঘরের ভেতরে রাখা কয়েকটি গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধদের ড্রেসিং চলছে। এ মুহূর্তে তাঁদের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা বলা সম্ভব হচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এএস/

