গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে ২ যাত্রী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০১
ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জ সদর উপজেলার ডুমডিয়া এলাকায় বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমডিয়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল উত্তর পাড়া গ্রামের সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার ও হাসিবুর। হাসিবুরের ঠিকানা জানা যায়নি।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, খুলনাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক চালক জিকার সরদার ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হাসিবুরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ছাড়া ইজিবাইকে থাকা আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদ্বয়ের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পলাশ শিকদার/এআরএস

