স্বাধীনতাবিরোধী গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান আরিফুর রহমান দোলনের
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০১
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন।
সোমবার বিকালে ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যের শুরুতেই আরিফুর রহমান দোলন নিজের প্রার্থিতা স্থগিতের প্রসঙ্গ টেনে বলেন, “আমার সঙ্গে যে বেইনসাফি হয়েছে, সেই বেইনসাফির বিরুদ্ধে আমি ইনসাফ চাই।” তিনি আরও বলেন, “যারা মুখে ইনসাফের কথা বলে, তারাই আমার সঙ্গে বেইনসাফি করেছে।”
দোলন স্পষ্ট করে বলেন, তিনি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের পক্ষে কথা বলতে আসেননি। তার ভাষায়, “আমি এসেছি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার পক্ষে কথা বলতে।”
তিনি অভিযোগ করেন, একটি ‘স্বাধীনতাবিরোধী গোষ্ঠী’ মুখে ন্যায়বিচারের কথা বললেও বাস্তবে অন্যায়ের আশ্রয় নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফরিদপুর-১ আসনে তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দোলন বলেন, “ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বাংলাদেশ।” তিনি আশা প্রকাশ করেন, ফরিদপুর-১ আসনের স্বাধীনতার স্বপক্ষের শক্তি জাতীয় সংসদে কথা বলবে এবং বিএনপি মনোনীত প্রার্থী জনগণের সেই প্রত্যাশা পূরণ করবেন।
জনসভায় ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন, তিনি জনগণের সেবা করতেই রাজনীতিতে আছেন এবং শেষ দিন পর্যন্ত সে পথেই থাকতে চান।
তিনি বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই—এই এলাকার মানুষ। বহুবার জেল খেটেছি, হামলা-মামলার শিকার হয়েছি। আমার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার মাকে মারধর করা হয়েছে। তারপরও কখনও বিএনপি ছেড়ে যাইনি, কখনও আপনাদের ছেড়ে দূরে সরে যাইনি। ভবিষ্যতেও যাব না, ইনশাআল্লাহ।”
জনসভায় বিএনপি'র স্থানীয় ও জেলার নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এইচকে/এএস

