ছবি: সংগৃহীত
পঞ্চগড়-১ আসনের (তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী) জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার সকালে পঞ্চগড়-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মিনহাজুর রহমান এই আদেশ দেন। এর আগে শাপলা কলি প্রতীকের নির্বাচনী এজেন্ট নাসির উদ্দীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় এক উঠান বৈঠকে বক্তব্য দেন বিএনপি নেতা এম এ মজিদ। ওই সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষের বাইরে ভোট দিলে খুঁজে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিডিও ফুটেজ, লিখিত জবাব ও দাখিল করা অন্যান্য নথি পর্যালোচনা করে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগটি গ্রহণ করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির ওই নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
এএস/

