Logo

সারাদেশ

মজিবুর রহমান মঞ্জু

ঈগলের পক্ষে গণজোয়ার, বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১

ঈগলের পক্ষে গণজোয়ার, বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে

ছবি : বাংলাদেশের খবর

ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জনগণের ভোটে নির্বাচিত হলে নিষ্ঠা, সততা ও ন্যায়ের সঙ্গে ফেনীবাসীর প্রতিনিধিত্ব করার অঙ্গীকার করেছেন।

তিনি দাবি করেন, ‘ঈগল’ (প্রতীক) পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে; কোনো অপশক্তি যদি ভোটাধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়েই তার মোকাবিলা করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রচারাভিযান সমাপনী সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

ফেনীবাসীর উদ্দেশে মঞ্জু বলেন, অতি স্বল্প সময়ে প্রচারণা চালাতে হওয়ায় সব ভোটারের কাছে পৌঁছাতে না পারায় দুঃখ প্রকাশ করছি। জুলাই সনদের ভিত্তিতে ১১ দল দেশ পরিচালনা করবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থকদেরও নিজেদের স্বার্থে ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপি জয়নাল সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষা করছেন না বলে তিনি অভিযোগ তোলেন।

মঞ্জু আরও বলেন, বিভিন্ন স্থানে ‘ঈগল’ প্রার্থী, নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো হচ্ছে, নির্বাচনি ক্যাম্প ভাঙা হয়েছে এবং নির্বাচনি কাজে বাধা দেওয়া হচ্ছে। ভোটের দিন নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ বাধা দিলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। সাড়া না পেলে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না।

ফেনী সদর আসন নিয়ে তার পরিকল্পনা ব্যাখ্যায় মঞ্জু জানান, জাতীয় রাজনীতির প্রভাব কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ধরে রাখতে তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। জুলাই সনদ প্রণয়ন, সব দলের সঙ্গে সুসম্পর্ক ও এলাকার উন্নয়নে কাজ করেছেন বলেও জানান তিনি। ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন বলেও তিনি দাবি করেন। তার মতে, প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের জন্য দুর্নীতিমুক্ত ও নিবেদিত সংসদ সদস্য প্রয়োজন। তিনি ইঙ্গিত করে বলেন, দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তারা প্রতিনিধি হলে রাষ্ট্রীয় বরাদ্দ পকেটে চলে যাবে।

এ ছাড়া ফেনীবাসীর দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প যেমন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিমানবন্দর, সেনা ব্রিগেড, লালপোল ও রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনার কথা জানান মঞ্জু।

তিনি ফেনীর জলাবদ্ধতা, কিশোর গ্যাং সমস্যা, গ্যাস সংকট, যানজট, অপ্রশস্ত রাস্তা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট নিরসনে বাস্তবভিত্তিক পরিকল্পনারও কথা বলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ১১ দলের প্রতীক ‘ঈগল’ ও ‘হ্যাঁ’-র পক্ষে রায় চেয়ে আবেগাপ্লুত মঞ্জু বলেন, নতুন প্রার্থী হিসেবে রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে নতুন রাজনীতি ও উন্নয়নের সূচনা করতে চান তিনি। একই সঙ্গে প্রশাসনের নানা হয়রানির কথা উল্লেখ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সাবেক আমির একেএম শামসুদ্দিন, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, প্রধান নির্বাচনি এজেন্ট আ.ন.ম আব্দুর রহিম, এনসিপির কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান রিজভী, জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সহসম্পাদক ওয়ালি উল্লাহ মানিক, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, সদস্য সচিব ফজলুল হক, খেলাফত মজলিস নেতা আজিজ উল্লাহ আহমদীসহ ১১ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এআরএস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর