ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, ঘরমুখো মানুষের ভিড়
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। টানা তিন দিন অফিস ও কারখানা বন্ধ দেওয়ায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়কে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দ্রা ত্রিমোড় এলাকা জুড়ে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। যাত্রীদের ভিড় ঈদের সময়ের মতোই উপচে পড়া। বিশেষ করে তৈরি পোশাকসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা ছুটির সুযোগে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক কারখানায় টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটিতে কেউ কেউ নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন, আবার অনেকে পরিবারের সঙ্গে দেখা করার জন্য দেশের বাড়ির পথে পাড়ি জমিয়েছেন।

এদিকে অতিরিক্ত যাত্রীর চাপ ও যানবাহনের স্বল্পতার সুযোগে কয়েকটি পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, যেখানে স্বাভাবিক সময়ে ২০০ টাকা ভাড়া নেওয়া হয়, সেখানে বর্তমানে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে চরম ভোগান্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
এ বিষয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাত হোসেন বলেন, ‘নির্বাচন ও কারখানার ছুটিকে কেন্দ্র করে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগ একযোগে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাত্রীদের হয়রানি রোধে নজরদারি বাড়ানো হয়েছে।
মো. দেলোয়ার হোসেন/এমএইচএস

