Logo

সারাদেশ

আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:১১

অ
আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূল থাকায় কৃষকরা বিঘায় ১৮ থেকে ২০ মন ধান ঘরে তুলতে সক্ষম হয়েছেন। সোনালি ধানের মিষ্টি গন্ধে ভরে উঠেছে কৃষকের উঠান। এখন বিভিন্ন গ্রামে চলছে ধান মাড়াইয়ের কাজ। গত দুই বছরের তুলনায় এবার বাজারে দাম ও ফলন উভয়ই ভালো হওয়ায় কৃষকের মধ্যে আনন্দের জোয়ার দেখা গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, নীলফামারীতে এ বছর আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১৩ হাজার ১৭২ হেক্টর। তবে এ বছর জমির পরিমাণ ছিল এক লাখ ১৩ হাজার ২০৮ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ হেক্টর বা ২৭০ বিঘা বেশি। এর মধ্যে উফশি ধান ৯১ হাজার ২৭৬ হেক্টর, স্থানীয় জাত ৩৫৫ হেক্টর ও হাইব্রিড ধান ২১ হাজার ৫৭৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

এ বছর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫৯ হাজার ৮১ মেট্রিকটন। তবে অর্জিত ফলন ৩ লাখ ৬৭ হাজার ৯২৬ মেট্রিকটন হয়েছে। যা পূর্বানুমানের চেয়েও বেশি। স্থানীয় কৃষকরা জানান, ধান কাটা শেষ করে এখন বাড়িতে বাড়িতে মাড়াই চলছে।

জেলা শহরের নিউবাবু পাড়ার কৃষক আলতাফ হোসেন জানান, এবার তিন বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান রোপণ করেছি। আল্লাহর রহমতে প্রচুর বৃষ্টি হওয়ায় রোগবালাই ছাড়াই ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও ভালো, যদি এ দাম স্থায়ী থাকে। তবে কৃষকরা গত দুই বছরের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

একই এলাকার চাষি সিরাজুল ইসলাম বলেন, এবার ৫ বিঘা জমিতে উফশি জাতের ধান রোপণ করেছি। আবহাওয়া ভালো থাকার ফলে বিঘায় ১৮ থেকে ২০ মন ধান হয়েছে। বাজারে প্রতিমন (৪০ কেজি) ধান এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। খরচ বাদে এবার ভালো লাভ হবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ জানান, এবার সদরে ২৮ হাজার ২৬০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকার কারণে কৃষকরা ভালো ফলন পেয়েছেন। শুনছি, বাজারে দামও ভালো, ফলে কৃষকরা গত দুই বছরের ধকল কাটিয়ে উঠতে পারবেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, জেলায় এক লাখ ১৩ হাজার ২০৮ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের চাষ হয়েছে। মাঠে গিয়ে দেখেছি, এবার ধানের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় জাত, উফশি ও হাইব্রিডসহ ৩৬ হেক্টর (২৭০ বিঘা) জমিতে অতিরিক্ত ধানের আবাদ হয়েছে।

তৈয়ব আলী সরকার/এমবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন