কুমিল্লায় পুকুর সেঁচে পিস্তল-বন্দুক উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৯
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা সদর উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় একটি পুকুর সেঁচে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
সদর উপজেলার কটকবাজার এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে এ অভিযান শুরু হয়।
র্যাব-১১ কুমিল্লা কোম্পানির কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, সীমান্ত থেকে মাত্র সাড়ে তিনশ মিটার দূরে কটকবাজার কবরস্থানের পাশের একটি পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেঁচে অভিযান চালানো হয়।
পানি সেঁচে দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয় অভিযান। এ সময় পুকুরের তলদেশ থেকে সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো বেশ কয়েকটি পিস্তল, বন্দুক ও দুই বস্তা ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি ওয়ান শাটার বন্দুক, বিপুল সংখ্যক দা, ছুরি ও চাইনিজ কুড়াল।
মেজর সাদমান ইবনে আলম আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ি/
সোহাগ/এআরএস

