Logo

সারাদেশ

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৭

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এতে গুরুতর আহত অবস্থায় বাসের এক হেলপারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় বাসের হেলপার আহাদ (৩০)-এর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইমরান মুন্সী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর