পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪০
পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। ছবি : বাংলাদেশের খবর
পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রথমে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। তাদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- মাছরাঙা পরিবহনের হেলপার ও পাবনা পৌরসভার শিবরামপুর মহল্লার চয়ন মোল্লার ছেলে মো. মেহেদী হাসান জিহাদ (২৮), শাহজাদপুর ট্রাভেলসের চালক ও পাবনা সদর থানার বলরামপুর এলাকার মৃত আব্দুল প্রাংয়ের ছেলে মো. কামাল হোসেন (৪৫), মাছরাঙা পরিবহনের যাত্রী ও আটঘরিয়া থানার পরজান গ্রামের তচ্ছেদ শেখের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) এবং মাছরাঙা পরিবহনের যাত্রী ও পাবনা সদর থানার রাজাপুর গ্রামের মো. মাজন মিয়ার ছেলে মো. আলেফ উদ্দিন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহন ও শাহজাদপুর ট্রাভেলসের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শফিক আল কামাল/এমবি

