ব্রাহ্মণবাড়িয়া-৪ : বিধি ভেঙে প্রচার, যুবদল নেতার নেতৃত্বে জামায়াত প্রার্থী অবরুদ্ধ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৭
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তোলাতলা গ্রামে জামায়াত প্রার্থী মো. আতাউর রহমান সরকারকে ঘিরে উত্তেজনা/ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থী মো. আতাউর রহমান সরকারকে স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। আতাউর রহমান সরকার জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি অসুস্থ এক মুরুব্বিকে দেখতে যান। সঙ্গে ছিলেন স্থানীয় ১০ জন কেন্দ্র প্রতিনিধি। কুশলাদি বিনিময় শেষে বশির আহমেদ নামের যুবদল নেতার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা তার সহকর্মীদের লাঞ্ছিত করেন। পরে স্থানীয়দের সহায়তার গাড়িতে ওঠার পরও হামলা চালানো হয়। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে সরিয়ে নেন।
ধরখার ইউনিয়নের বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক নেতা মো. নাছির উদ্দিন হাজারী বলেন, “বিধি না মেনে জামায়াত প্রার্থী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় স্থানীয়রা প্রার্থীসহ সঙ্গে থাকা ব্যক্তিদের আটক করেন। প্রচারের সময় শেষ হয়ে গেলেও কেন তারা এসেছেন, এ বিষয়ে জানতে চাওয়া হয়।”
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, জামায়াত প্রার্থী একটি বাড়িতে যাওয়ার সময় স্থানীয় বিএনপির কর্মীরা সন্দেহ করে তার গাড়ি আটক করে। পরে ম্যাজিস্ট্রেট ও পুলিশ এসে তাকে ছেড়ে দেন।

