সেরা রিপোর্টিংয়ের সম্মাননা পেলেন বাংলাদেশের খবরের ফেনী প্রতিনিধি এমরান
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯
ছবি : বাংলাদেশের খবর
ম্যানেজমেন্ট ও সেরা রিপোর্টিং ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা অর্জন করেছেন ‘দৈনিক বাংলাদেশ-এর খবর’-এর ফেনী জেলা প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় স্বনামধন্য স্থানীয় সাপ্তাহিক ‘ফেনী বার্তা’ আয়োজিত প্রতিনিধি সভায় তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পত্রিকার বর্ষীয়ান সম্পাদক মীর হোসেন মীরুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় প্রতিনিধিরা সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মীর হোসেন মীরু বলেন, ‘দেশে এখন নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রত্যেক ভোটার যেন স্বাচ্ছন্দ্যে নিজের ভোট প্রদান করতে পারেন, সে ক্ষেত্রে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘ফেনী বার্তা একটি ঐতিহ্যবাহী পত্রিকা। আমাদের সংবাদকর্মীদের নীতি-নৈতিকতা বজায় রেখে আপসহীনভাবে সংবাদ পরিবেশন করতে হবে। আমরা উন্নয়নশীল সাংবাদিকতায় বিশ্বাসী এবং সেই বিশ্বাস থেকেই প্রতিনিধিদের ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে ফেনী বার্তার নির্বাহী সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি এম. এমরান পাটোয়ারীকে ম্যানেজমেন্ট ও সেরা রিপোর্টিংয়ের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুসন্ধানী রিপোর্টিংয়ে সিনিয়র স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান, সীমান্তে সাংবাদিকতায় স্টাফ রিপোর্টার মু. আজিজুল হক হাসান এবং প্রশাসনিক সংবাদে বিশেষ অবদানের জন্য বিশেষ প্রতিনিধি মোল্লা মো. ইলিয়াছকেও সম্মাননা স্মারক দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত অন্য সংবাদকর্মীরা হলেন— বার্তা সম্পাদক খোরশেদ আলম মজুমদার বাবলু, স্টাফ রিপোর্টার কামরুল হাসান লিটন, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, জহিরুল হক মিলন, নুরুল আনোয়ার সোহেল ও মো. শাহ ফয়সাল।
এমএইচএস

