Logo

সারাদেশ

পূর্বাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি দোকান

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১

পূর্বাচলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি দোকান

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পূর্বাচল নীলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নেভানোর আগেই মার্কেটের দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট ও একটি মুদি দোকান পুড়ে যায়। দোকানগুলোর ভেতরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, খাদ্যপণ্য ও নগদ টাকাসহ অধিকাংশ মালামাল আগুনে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, ‘ভোর সোয়া ৫টার দিকে আগুনের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’

অগ্নিকাণ্ডের সময় পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্য ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করে। স্থানীয় ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিরূপণ এবং প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর