যুবদল নেতার গরুর খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৫
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এ সময় ওই এলাকার ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন একটি গরুর খামার থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাসূত্র জানায়, ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী বদরুল আমীনের গরুর খামারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি ছুরি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দিদারুল আলম গত দুই দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রগুলো বদরুলের খামারে নিয়ে রাখা হয়েছিল।
ফেনীর স্থানীয় আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার বলেন, গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তল ও অন্যান্য সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

