শেরপুরে সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৯
সড়ক দুর্ঘটনায় নিহত রুকনুজ্জামান। ছবি : বাংলাদেশের খবর
শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার ও এক নারী নিহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় মালবাহী পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও পাঁচজন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর রুকনুজ্জামান (৩১) ও ঝিনাইগাতী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের মোছা. মাহফুজা বেগম (১৯)। নিহত রুকনুজ্জামান শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়।
আহত ব্যক্তিরা হলেন শ্রীবর্দী এলাকার শাহিন (৩০), শেরপুরের রায়হান (৩০), নিহত মাহফুজার শিশুপুত্র আব্দুর রহমান, শেরপুরের গাজীর খামার এলাকার মোহাম্মদ (২৮) ও জামালপুরের সরিষাবাড়ির সুরাইয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শেরপুর থেকে আসা একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির সব আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রুকনুজ্জামান ও মাহফুজা বেগমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ব্যবহৃত পিকআপ ও সিএনজি আটক করে রেখেছে স্থানীয় জনতা।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, 'মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি কোন কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন, সে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওই কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য এক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা রয়েছেন।'
শাহরিয়ার শাকির/এআরএস

