Logo

সারাদেশ

ভোলায় ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪০

ভোলায় ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

ছবি : বাংলাদেশের খবর

দ্বীপ জেলা ভোলার চারটি সংসদীয় আসনের ৫২৫টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ছয়টি আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার ১৭৩ জন সদস্য। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম রহমান।

তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো নির্বাচনে নিয়োজিত সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা তৈরি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, পুলিশের মোবাইল টিম, নৌবাহিনী, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ডসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আলাদা পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

ভোলা জেলার সবগুলো আসনে ভোটের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক বলে উল্লেখ করে তিনি জানান, চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভোলা-৪ আসনের মনপুরা উপজেলা বিচ্ছিন্ন এলাকা হওয়ায় সেখানে বিশেষ নিরাপত্তা হিসেবে পুলিশ ও আনসারের পাশাপাশি দায়িত্ব পালন করবে কোস্টগার্ড ও নৌবাহিনী। পাশাপাশি বাড়তি নজরদারি ও জরুরি অবস্থা মোকাবিলায় দ্রুতগামী নৌযানের সঙ্গে হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে।

মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছেন—পুলিশ ১ হাজার ৬৬৭ জন, আনসার ৭ হাজার ৯৪৫ জন, নৌবাহিনী ১ হাজার জন, কোস্টগার্ড ৩৬৬ জন, র‌্যাব ৫৫ জন ও বিজিবি ১৪০ জন। সব মিলিয়ে ছয়টি বাহিনীর মোট সদস্য ১০ হাজার ১৭৩ জন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চারটি আসনের সাতটি উপজেলায় নির্বাচনী ব্যালটসহ সব প্রয়োজনীয় মালামাল পৌঁছে দেওয়া শুরু হয়েছে। বুধবার বিকেলের মধ্যে এসব মালামাল সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছানো হবে। ব্যালট পেপার ও ভোটের বাক্সের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলার চারটি আসনে পাঁচটি পৌরসভা ও ৭১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৯ হাজার ৮৯৭ জন, নারী ভোটার ৮ লাখ ১২ হাজার ৭৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।

জেলায় মোট ভোটকেন্দ্র ৫২৫টি এবং ভোটকক্ষ ৩ হাজার ৬২২টি। প্রার্থীসংখ্যার দিক থেকে ভোলা-১ (সদর) আসনে ৭ জন, ভোলা-২ আসনে ৬ জন, ভোলা-৩ আসনে ৫ জন ও ভোলা-৪ আসনে ৬ জন—সর্বমোট ২৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলার চারটি আসনের মোট ৫২৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩১টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে ৪৩টি দুর্গম চরাঞ্চলে অবস্থিত।

আসনভিত্তিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা নিম্নরূপ :

ভোলা-১ আসনে : ১১৪টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২২টি (দুর্গম চরাঞ্চলে ১২টি)

ভোলা-২ আসনে : ১৩৮টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩২টি (দুর্গম চরাঞ্চলে ২টি)

ভোলা-৩ আসনে : ১১৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৫০টি (দুর্গম চরাঞ্চলে ১৭টি)

ভোলা-৪ আসনে : ১৫৪টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৭টি (দুর্গম চরাঞ্চলে ১২টি)

বিশেষভাবে উল্লেখযোগ্য, তজুমদ্দিন উপজেলার ৩৬টি কেন্দ্রের সবকটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আদিল হোসেন তপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর