জামায়াত নেতার ফেসবু অপপ্রচার, বিচার চাইলেন বিএনপি প্রার্থী
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ তুলেছেন গাজীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী এস এম রফিকুল ইসলাম (বাচ্চু)। তাঁর অভিযোগের তির স্থানীয় এক জামায়াত নেতার দিকে। এ নিয়ে আজ বুধবার দুপুর ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযুক্ত ওই নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি শ্রীপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং উপজেলার বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ তাঁর ফেসবুক আইডি থেকে বিএনপি প্রার্থী ও তাঁর দলকে জড়িয়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি দাবি করেন, বিএনপি প্রার্থীর দুই কর্মীকে পাঁচ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী। মুহূর্তের মধ্যেই এই তথ্য বিভ্রান্তি ছড়ায়।
তবে শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে ভিন্ন তথ্য। পুলিশ সূত্র নিশ্চিত করেছে, তারা দুজনকে আটক করেছিল ঠিকই, তবে তা নির্বাচনের টাকার কারণে নয়। ওই দুজনের বিরুদ্ধে মাদক কারবারসহ একাধিক মামলা রয়েছে এবং সেসব মামলার আসামি হিসেবেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ দায়ের শেষে ফেরার পথে বিএনপি প্রার্থী এস এম রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তাঁর সামাজিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, অভিযুক্ত ব্যক্তি সরকারি বেতন-ভাতা ভোগ করে মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে থেকেও কীভাবে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে সক্রিয় রাজনীতি করছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জামায়াত নেতা আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, ‘আমি একটি অনলাইন নিউজপোর্টালে এমন খবর দেখেছিলাম। তার ভিত্তিতেই ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। পরে বিষয়টি বুঝতে পেরে সংশোধনী দিয়ে নতুন পোস্ট দিয়েছি।’
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমএন

