ভোটকেন্দ্রের কাছে ১০ বোমাসদৃশ বস্তু উদ্ধার, কুমারখালীতে উৎকণ্ঠা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৭
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি ভোটকেন্দ্রের অদূরে ঘাসের ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রায় ২০ গজ দূরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াকান্দি বাজারসংলগ্ন মতিন মাস্টারের নেপিয়ার ঘাসের ক্ষেতে দুপুর ১২টার দিকে মুখ বাঁধা অবস্থায় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান। বিষয়টি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজনকে জানান তিনি। পরে কৌতূহলী জনতা সেখানে জড়ো হন এবং প্রশাসনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরে ব্যাগ দুটি তল্লাশি করে লাল স্কচটেপ প্যাঁচানো ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে রাখা হয় এবং বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
ভোটের আগের দিন কেন্দ্রের এতো কাছে এ ধরনের বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হোক।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি ব্যাগ থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সেগুলো পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএসকে/

