Logo

সারাদেশ

ঝিনাইদহের চার আসনে ২৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, নিরাপত্তা জোরদার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪১

ঝিনাইদহের চার আসনে ২৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, নিরাপত্তা জোরদার

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের ৫৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। প্রায় ৪০ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ তালিকায় থাকায় এসব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে সর্বোচ্চ ৮৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ ছাড়া ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে ৬৩টি, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ৫৬টি এবং ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। শহর ও গ্রামাঞ্চলে নিরাপত্তা টহল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনীর টহল কার্যক্রম চলছে। র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দায়িত্ব পালন করছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, 'ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা ও কড়া নজরদারির পাশাপাশি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে।'

তিনি জানান, ভোটগ্রহণ নিরাপদ ও সুষ্ঠু করতে জেলার ভোটকেন্দ্রগুলোতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছেন ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাবাহিনীর সদস্য, র‌্যাবের ৪৮ জন সদস্য ও বিজিবির ২২২ জন সদস্য। এ ছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৮৩ হাজার ৭৯৩ জন, নারী ভোটার ৭ লাখ ৯১ হাজার ৫৩৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৯ জন। নিবন্ধিত পোস্টাল ভোটারের সংখ্যা ২১ হাজারের বেশি। জেলার চারটি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর