ভোটের আগের দিন রাউজানে প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে গুলি
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫
চট্টগ্রামের রাউজান উপজেলায় ভোটের আগের দিন প্রবাসী বিএনপির এক কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী রুস্তম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ১০ থেকে ১২ জনের একটি অস্ত্রধারী দল হঠাৎ রুস্তম আলীর বাড়ির সামনে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং গালাগাল করতে করতে দ্রুত এলাকা ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে অস্ত্রধারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রবাসীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেও হামলাকারীদের পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
দলীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী রাউজান আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গুলির খবর পেয়ে তারা সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন গুলি ছোড়া হয়েছে এবং কারা জড়িত— তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএসকে/

