Logo

সারাদেশ

যশোরে যৌথ অভিযানে অবৈধ আতশবাজির জব্দ

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৯

যশোরে যৌথ অভিযানে অবৈধ আতশবাজির জব্দ

ছবি : বাংলাদেশের খবর

যশোর শহরের বড় বাজারের হাটচান্নী মার্কেটে শাড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আতশবাজির ব্যবসা চালিয়ে আসার অভিযোগ উঠেছে সিহাব মোল্লা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তার গুদাম থেকে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সিহাব মোল্লা হাটচান্নী মার্কেটের নিচতলায় ‘সিহাব বস্ত্রালয়’ নামে শাড়ি-কাপড়ের দোকান পরিচালনা করলেও মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া নেওয়া দুটি কক্ষে গোপনে বিস্ফোরকজাতীয় আতশবাজি মজুদ করে রাখতেন।

অভিযান চালিয়ে ওই গুদাম থেকে পাঁচ বস্তা ও পাঁচ কার্টুন চকলেট বোমা, তারাবাজি, পটকাবাজিসহ বিভিন্ন ধরনের আতশবাজি জব্দ করা হয়। এ সময় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী সিহাব আগে চায়ের দোকান ও ভাজাপোড়ার দোকান চালাতেন। পরে শাড়ির ব্যবসা শুরু করলেও আড়ালে অবৈধ আতশবাজির কারবার চালিয়ে আসছিলেন।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গুদামের মালিক সিহাবকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলা হলেও তিনি ফোন বন্ধ করে দেন। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত আতশবাজি জব্দ করা হয়েছে এবং পলাতক সিহাব মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর