বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, হান্নান মাসউদের কার্যালয়ে ভাঙচুর
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে বিএনপি নেতাকর্মীরা ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চানন্দি ইউনিয়নের শিউলি একরাম বাজারের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
আহত জসিম উদ্দিন (৪৭) চানন্দি ইউনিয়নের শরিয়তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার চলছিল।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘সন্ধ্যার পর থেকে চানন্দি ইউনিয়নের শিউলি একরাম বাজারে তারা কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলেন। রাত ৮টার দিকে নৌবাহিনীর টহল দল সেখানে যায়। তখন সবাই বাজার ছেড়ে চলে যান। এ সময় দিদার হোসেন নামে এক ব্যক্তি ধানের শীষের কর্মী জসিম উদ্দিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে নৌবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।’
জসিম দাবি করেন, দিদার এনসিপির প্রার্থী হান্নান মাসউদের সমর্থক।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক বলেন, ‘জসিমের বুকে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।’
এ ঘটনার পর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হান্নান মাসউদের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করা হয়।
এ ঘটনার বিষয়ে এনসিপি নেতাদের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।
এমবি

