বরিশালে ২ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭
বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অনুমতি ছাড়া বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত না করে কেন্দ্র ত্যাগ করেন বলে অভিযোগ উঠে।
স্থানীয়দের অভিযোগ, কেন্দ্র ত্যাগের পর ওই দুই কর্মকর্তা উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে বৈঠক করেছেন। বিষয়টি জানাজানি হলে তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাকে খবর দেওয়া হয়।
অভিযোগ পাওয়ার পর ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা নেন। তিনি দুই সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দুইজনকে নিয়োগ দেন।
তবে অভিযুক্ত দুই কর্মকর্তা জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠকের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগ করা অনুমোদিত নয়। নিয়ম ভঙ্গ ও অভিযোগের প্রেক্ষিতে তাদের বরখাস্ত করে বিকল্প কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
গাজী আরিফুর রহমান/এমবি

