Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২২

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই মো. মোজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রতে (ভোটকেন্দ্র নং–৫১) এ ঘটনা ঘটে।

নিহত মোজাহিদুল ইসলাম সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম গোলাম মওলা। মোজাহিদুল ইসলাম স্থানীয় পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শামীম আল মামুন জানান, সকালে কেন্দ্রের দুই নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মোজাহিদুল ইসলাম। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং কেন্দ্রের বাইরে যান। এক পর্যায়ে তিনি সেখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে পোলিং অফিসারের মৃত্যুর শোকাবহ ঘটনার মধ্যেই জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল শহরের পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর সত্যিকারের ভোট উৎসবের পরিবেশ দেখছি।’

এক নজরে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী তথ্য 

  • মোট আসন : ০৬টি।
  • মোট প্রার্থী : ৪৯ জন।
  • মোট ভোটার : ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন।
  • মোট কেন্দ্র : ৮০৫টি।
  • নিরাপত্তা ব্যবস্থা : পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের পাশাপাশি ৬২০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

জেলা পুলিশ জানিয়েছে, মোট কেন্দ্রগুলোর মধ্যে ৫৭৪টি কেন্দ্রকে 'অতি গুরুত্বপূর্ণ' ও 'গুরুত্বপূর্ণ' হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

লিটন হোসাইন জিহাদ/এমএইচএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর