Logo

সারাদেশ

ব্যালট বইয়ে একাধিক টিপ সইয়ের অভিযোগ, সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৭

ব্যালট বইয়ে একাধিক টিপ সইয়ের অভিযোগ, সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালটের মুড়ি বইয়ে একাধিক টিপ সই নেওয়ার অভিযোগ উঠেছে সহকারী প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। এতে কেন্দ্রের পুরুষ বুথে প্রায় ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিমা ইসলাম কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

ভোটার রসুল আমিন অভিযোগ করেন, তিনি ভোট দিতে গেলে সহকারী প্রিসাইডিং অফিসার ব্যালট দেওয়ার সময় ৪-৫টি ব্যালটের মুড়ি বইয়ে তার টিপ সই নেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি প্রিসাইডিং অফিসারকে জানান। তার দাবি, এর আগেও আরও কয়েকজন ভোটারের কাছ থেকে একইভাবে টিপ সই নেওয়া হয়েছে। তিনি অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মঞ্জুরুল আলম বলেন, অভিযোগের পর পুরুষ বুথে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ভোটগ্রহণ স্বাভাবিক হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিমা ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সহকারী প্রিসাইডিং অফিসারকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ কেন্দ্রে চারটি গ্রামের মোট ৩ হাজার ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এম বুরহান উদ্দীন/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর