Logo

সারাদেশ

বাগেরহাটে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, যুবক আটক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০

বাগেরহাটে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, যুবক আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে যৌথ বাহিনী। সদর উপজেলার হাড়িখালী কাঠের পোল এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া কচুয়ায় ভোটকেন্দ্রের কাছ থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ এবং ২৩ আরই ব্যাটালিয়নের মেজর আশরাদের নেতৃত্বে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাড়িখালী এলাকার রতন (৫০) নামে এক ব্যক্তির ফার্নিচারের দোকানে তল্লাশি চালিয়ে ৬টি হাসুয়া, ৩টি করাত, ৩টি চাকু ও ৮টি হাতুড়ি উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল।’

এদিকে কচুয়ার বিশট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে নাহিদ নামে এক যুবককে ৫টি দেশীয় অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, উদ্ধারকৃত অস্ত্র থানা হেফাজতে রয়েছে এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ‘নির্বাচনকে ঘিরে কোনো অপরাধ বরদাশত করা হবে না। আমরা জিরো টলারেন্স নীতিতে আছি।’

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার আটক সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর