Logo

সারাদেশ

মেহেরপুরে ৪ কেন্দ্রে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৭

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১০

মেহেরপুরে ৪ কেন্দ্রে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৭

মেহেরপুরের ৪ ভোটকেন্দ্রে সংঘর্ষে আহত ১৭

মেহেরপুরের দুটি সংসদীয় আসনের অন্তত ৪টি ভোটকেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের ১৭ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শুরুর পর মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

সরেজমিনে জানা গেছে, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাহারবাটি চারচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদানে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে জামায়াতের ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ভাটপাড়া গ্রামের রিপন আলী (২৫), আনারুল ইসলাম (৫০), আলহাজ আলী (৪০), সম্রাট (৩০), ভ্যানচালক ওয়ারেশ আলী (৪৫) ও সাহারবাটী গ্রামের বক্কার আলীর নাম জানা গেছে।

এছাড়া মুজিবনগর উপজেলার জয়পুর তারানগর এবং খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও হামলার ঘটনা ঘটেছে। জয়পুর তারানগর কেন্দ্রে সংঘর্ষে জামায়াতের ৩ কর্মী আহত হন। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতাল এবং গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গাংনী আসনের জামায়াত প্রার্থী নাজমুল হুদা অভিযোগ করে বলেন, ‘আমাদের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে বিএনপির লোকজন। হামলায় ১৫ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

মেহেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা তাজউদ্দীন খানও একই অভিযোগ তুলে বলেন, সদর ও মুজিবনগরের বিভিন্ন কেন্দ্রে তাঁদের এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এদিকে, সকালে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন ও জামায়াত প্রার্থী নাজমুল হুদা ভোট প্রদান শেষে কোলাকুলি ও কুশল বিনিময় করলেও মাঠপর্যায়ে কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মেহেরপুর-১ আসনে বিএনপি প্রার্থী মাসুদ অরুণ ও জামায়াত প্রার্থী তাজউদ্দীন খান সকালেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সহিংসতার খবর পেয়ে জয়পুর তারানগর কেন্দ্র থেকে দুই জামায়াত কর্মীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন— শহিদুল ইসলাম ও আশরাফ আলী।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, মেহেরপুরের দুটি আসনে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ৫ লাখ ৮৭ হাজার জন। ভোটারদের মতে, এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে।

আকতারুজ্জামান/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর