Logo

সারাদেশ

চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে জাল ভোট ও টাকা বিতরণের অভিযোগে জামায়াতের ৩ নেতা আটক

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৫

চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে জাল ভোট ও টাকা বিতরণের অভিযোগে জামায়াতের ৩ নেতা আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলের মির্জাপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা এবং নগদ টাকাসহ জামায়াতে ইসলামীর তিন নেতাকে আটক ও জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ শরীফ জিসান নামের এক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি জামায়াতের ওয়ার্ড শাখার আমির বলে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলার নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্থানীয় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, তথ্য যাচাইয়ের সময় দেখা যায় তিনি আগেই পোস্টাল ভোট দিয়েছেন। এরপরও কেন্দ্রে এসে ভোট দেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

দামুড়হুদা থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, জাল ভোটের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রানাশাল গ্রামে টাকা বিতরণের অভিযোগে জয়নাল আবেদিন নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেন। তিনি গোড়াই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের দপ্তর সম্পাদক বলে জানা গেছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তারেক আজিজ ঘটনাস্থলে গিয়ে তাকে ৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা জামায়াতের সহসম্পাদক জাহাঙ্গীর আলম শাজাহান বলেন, বিষয়টি নিয়ে তাদের আপত্তি রয়েছে।

নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক জালিয়াতি সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর