Logo

সারাদেশ

নাতিদের কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে এলেন ১১০ বছরের বাজিত খাঁন

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫০

নাতিদের কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে এলেন ১১০ বছরের বাজিত খাঁন

ছবি : বাংলাদেশের খবর

বয়স ১১০ বছর। দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসেছে, শরীরেও বয়সের ভার স্পষ্ট। তবুও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে এতটুকু ভাটা পড়েনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে হাজির হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবীণ ভোটার বাজিত খাঁন ওরফে ময়না খাঁন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাজীপুর-৩ আসনের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাতি ও প্রতিবেশীদের সহযোগিতায় ভোট দেন তিনি। বাজিত খাঁন ওই গ্রামের মৃত গফুর খাঁনের ছেলে।

দীর্ঘদিন পর ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে এই শতায়ু প্রবীণ বলেন, ‘আমি চোখে ভালো দেখি না। মার্কা বলার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাকে সহযোগিতা করেছেন। নিজের ভোট দিতে পেরে খুব শান্তি লাগছে।’

তার প্রতিবেশী ও ভাতিজা আক্তার হোসেন মণ্ডল জানান, চাচা বুধবার থেকেই ভোট দেওয়ার জন্য উদগ্রীব ছিলেন। আজ সকালে তাকে নিয়ে কেন্দ্রে আসার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যথেষ্ট সহযোগিতা করেছেন। 

গাজীপুর-৩ সংসদীয় আসন (শ্রীপুর ও সদর উপজেলার একাংশ) ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ২ লাখ ৬৭ হাজার ১৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৭ জন ভোটার রয়েছেন। ১৮০টি কেন্দ্রের ৯৮৯টি কক্ষে আজ ভোটগ্রহণ চলছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর