Logo

সারাদেশ

বগুড়ায় ভোটকেন্দ্রে বুথ ভাঙচুর, জামায়াত নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৭

বগুড়ায় ভোটকেন্দ্রে বুথ ভাঙচুর, জামায়াত নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বগুড়া-৬ (সদর) আসনে ভোটকেন্দ্রে বুথ ভাঙচুর, জামায়াত নেতাকে তুলে নেওয়ার অভিযোগ। ছবি : বাংলাদেশের খবর

বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর নির্বাচনী বুথ ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে দলটি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শুরুর কিছু সময় পর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির একদল কর্মী জামায়াতের নির্বাচনী বুথে হামলা চালায়। এতে জামায়াতের অন্তত তিনজন নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ভাঙা চেয়ার ও পুড়িয়ে দেওয়া ভোটার তালিকা উদ্ধার করা হয়।

বগুড়া শহর জামায়াতের গণমাধ্যমবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘বিভিন্ন স্থানের মতো বগুড়াতেও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনী বুথে হামলার পর ওয়ার্ড সভাপতি মাহফুজকে তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

তবে অভিযোগ অস্বীকার করে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপির নিশ্চিত বিজয় দেখে অনেকে ইচ্ছাকৃতভাবে নিজেরাই নিজেদের জিনিসপত্র ভাঙচুর করছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। জামায়াতের পক্ষ থেকে দেওয়া অভিযোগ আমলে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জামায়াত নেতা মাহফুজুর রহমানের কোনো হদিস পাওয়া যায়নি বলে জানা গেছে।

জুয়েল হাসান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর