সাতক্ষীরায় নামের জটিলতায় টেন্ডার্ড ভোট দিলেন নারী
আব্দুস সামাদ, সাতক্ষীরা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৪
ছবি : সংগৃহীত
সাতক্ষীরা সদরের মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিল্পী খাতুন নামের এক ভোটার কেন্দ্রে এসে জানতে পারেন, ইতোমধ্যে তার ভোট অন্য কেউ দিয়ে গেছে। পরে তাকে টেন্ডার্ড ভোট দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের বাইরে থাকা শিল্পী খাতুনের এক নিকটাত্মীয় জানান, ভোটকেন্দ্রে গিয়ে তার মামাতো বোন শিল্পী খাতুন শুনতে পান, ইতোমধ্যে তার নামে ভোট হয়ে গেছে।
তার অভিযোগ, কারও সঙ্গে গোলমাল করে হয়তো তাকে ভোট দিতে দেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে যাওয়ার পর শিল্পী খাতুনকে বলা হয়, তার ভোট ইতোমধ্যে হয়ে গেছে। পরে প্রিজাইডিং কর্মকর্তা বিষয়টি দেখে তাকে পুনরায় ভোট দেওয়ার সুযোগ দেন। তবে তা সাধারণ ভোটের বাক্সে না ফেলে খামে রেখে ‘ টেন্ডার্ড ভোট’ হিসেবে গ্রহণ করা হয়।
প্রিজাইডিং কর্মকর্তা শিল্পী খাতুনকে জানান, ভোট গণনার সময় এটি বাক্সের ভেতরে দিয়ে গণনা করা হবে। একই নাম ও পরিচয়ের কারণে এ ধরনের ভুল হতে পারে বলে কর্মকর্তাদের ধারণা।
কেন্দ্রের বাইরে অবস্থানরত ইব্রাহিম হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রার্থীর নাম ও পিতার নাম এক হওয়ায় ভুলবশত অন্য কেউ ভোটটি দিয়ে দিয়েছেন। পরে টেন্ডার্ড ভোট নেওয়া হয়েছে। কিন্তু টেন্ডার্ড ভোট গণনা করা হয় না। তাই ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের আরও সতর্ক হওয়া উচিত।’
টেন্ডার্ড ভোট সাধারণত সেসব ভোটারের কাছ থেকে নেওয়া হয়, যারা দাবি করেন তাদের হয়ে আগেই ভোট দেওয়া হয়েছে। পরবর্তী গণনার সময় এই ভোট শুধু নির্দিষ্ট প্রক্রিয়ায় গণনায় আনা হয়।
আব্দুস সামাদ/এআরএস

