ফেনীতে মঞ্জুর ওপর হামলার চেষ্টা, এজেন্টের গাড়ি ভাঙচুর
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫২
ছবি : বাংলাদেশের খবর
ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টা করেছে বিএনপি কর্মীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এবি পার্টির নেতারকর্মীরা জানান, দুপুরে মজিবুর রহমান মঞ্জু ওই কেন্দ্র পরিদর্শনে গেলে ধানের শীষের কর্মী আব্দুল হান্নান ও শহীদের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল বিএনপি কর্মী তার দিকে তেড়ে আসে এবং বিভিন্ন আপত্তিকর কথা বলতে থাকে। এ সময় ঈগল প্রতীকের সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তালহা নামে এক ঈগল সমর্থককে বেদম মারধর করা হয়।
অপরদিকে ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় কেন্দ্রের কাছে মজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনি এজেন্ট আ.ন.ম আব্দুর রহিমের ওপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীসমর্থকরা। এতে তিনি আহত হন এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়। মঞ্জু সমর্থকদের দাবি, স্থানীয় বিএনপি ক্যাডার জামাই কামরুলের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জে ধানের শীষের কর্মীরা ঈগল মার্কার বেশ কয়েকজন সমর্থককে আহত করে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া শর্শদী ইউনিয়নের ঘাগরা এলাকায় হামলা এবং ফরহাদনগরের কালিদাস উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করে বিএনপি কর্মীরা।
এসব বিষয়ে জানতে চাইলে ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, 'ভোটগ্রহণ শুরুর পর যত অভিযোগ পেয়েছি, সব স্থানেই মোবাইল টিম পাঠানো হয়েছে। তবে কোথাও ভোটগ্রহণে সমস্যা হয়নি।' মঞ্জুর প্রধান এজেন্টের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

