বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:০৪
শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক সুমনকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বাসচালক মো. সুমন মিয়া জামালপুরের ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। সোমবার রাতে রাজধানীর উত্তর পূর্ব থানা এলাকা থেকে র্যাব-১৪ ও র্যাব-১ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নাজমুল ইসলাম জানায়, গত ২৯ ডিসেম্বর দুপুর পৌনে ১২টায় শেরপুর সদরের ভাতশালা জোড়া পাম্পের কাছে শেরপুর-ঢাকা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়। এ ঘটনায় সিএনজি চালকেরও মৃত্যু হয়। ঘটনা পর দ্রুত পালিয়ে যায় ঘাতক বাসচালক ও হেল্পার। এ ঘটনায় ওইদিন নিহত সিএনজি চালক লোকমান হোসেনের ছেলে মো. জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় এজাহার দায়ের করে। পর র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এরই প্রেক্ষিতে যৌথ অভিযানিক দল রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানাধীন ৮নং সেক্টর এলাকা হতে বাসচালক সুমনকে গ্রেপ্তার করে।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শাহরিয়ার শাকির/এমবি

