Logo

সারাদেশ

শ্রীপুরে ভোটের আগেই ভোট, ৩ কর্মকর্তা প্রত্যাহার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪২

শ্রীপুরে ভোটের আগেই ভোট, ৩ কর্মকর্তা প্রত্যাহার

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে ভোট দিতে এসে ভোগান্তির শিকার হয়েছেন এক নারী ভোটার। প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোটকক্ষে গিয়ে তিনি জানতে পারেন, তার ভোট আগেই প্রদান করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভোটার লাকী বেগম সকালে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভোট দিতে গিয়ে তিনি দেখতে পান, তার নামে ইতোমধ্যে ভোট দেওয়া আছে। এতে হতাশ হয়ে তিনি দায়িত্বরত কর্মকর্তাদের কাছে অভিযোগ জানান।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হারেছা খাতুন (গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক), পোলিং এজেন্ট সালমা আক্তার (দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক) এবং অপর পোলিং এজেন্ট মাসুম খানকে প্রত্যাহার করা হয়। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।’

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান, ‘অভিযোগ পাওয়ার পর সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ওই নারী ভোটারের টেন্ডার ভোট গ্রহণ করা হয়েছে।’

এ ঘটনায় ভোটারদের মধ্যে সাময়িক উদ্বেগ তৈরি হলেও প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর