ঝিনাইদহ-১ আসনে বড় ব্যবধানে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসাদুজ্জামান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৫
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। অর্থাৎ ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির এই প্রার্থী।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিকেলে এক ব্রিফিংয়ে জানান, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে গড় ভোটের হার ছিল ৪৭ দশমিক ৯১ শতাংশ।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া ১ হাজার ২৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। বর্তমানে সারাদেশের অন্যান্য আসনগুলোতেও ভোট গণনার কাজ চলছে এবং পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হচ্ছে।
এমএইচএস

