কুমিল্লা-৪
হাসনাত আবদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৯
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ১১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। অর্থাৎ ১ লাখ ৪৬ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন হাসনাত আবদুল্লাহ।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কুমিল্লা-৪ আসনেও সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ভোটগ্রহণ শেষে জসীমউদ্দীন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
এবারের নির্বাচনে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে প্রথমবারের মতো সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে দেশের অন্যান্য আসনগুলোতেও ভোট গণনার কাজ চলছে এবং নির্বাচন কমিশন থেকে পর্যায়ক্রমে বেসরকারি ফলাফল ঘোষণা করা হচ্ছে।
এমএইচএস

