Logo

সারাদেশ

কক্সবাজার-১ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৩ সাংবাদিক

Icon

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১২

কক্সবাজার-১ আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৩ সাংবাদিক

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়। এতে অন্তত তিনজন সাংবাদিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে চকরিয়া পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের আল রায়েদ মাদ্রাসা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দ্য এশিয়ান এইজ-এর বশির আল মামুন, দৈনিক ডেসটিনি’র এইচ.এম রুহুল কাদের ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার মোহাম্মদ কফিল উদ্দিন।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, সাংবাদিক এইচ.এম রুহুল কাদেরের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার মাথায় সেলাই দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল রায়েদ কেন্দ্রের সামনে ধানের শীষ প্রতীকের সমর্থকরা অবস্থান নিয়েছিলেন। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গাড়িবহর ও সাংবাদিকরা কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে হামলা চালানো হয়।

হামলার সময় কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণ করছিলেন। এ সময় হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে এবং ধানের শীষের স্লোগান দেয়।

তবে হামলায় প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক গুরুতর আহত হননি। ঘটনার পর ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, হামলায় নেতৃত্ব দেওয়া বিএনপি সমর্থক নেজাম উদ্দিনকে তারা শনাক্ত করেছেন। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে, এ ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর