গাজীপুর-২ আসনে ভোট কারচুপির অভিযোগ, রাস্তায় নামার আহ্বান এনসিপি প্রার্থীর
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৮
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনকে কেন্দ্র করে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আবু নাছের খান। তাঁর দাবি, এ আসনে বিএনপি পরিকল্পিতভাবে ভোট ডাকাতির চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একাধিক পোস্টে তিনি এসব অভিযোগ করেন। এক পোস্টে আবু নাছের খান উল্লেখ করেন, গাজীপুর-২ আসনে হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সমর্থক ও সাধারণ ভোটারদের রাস্তায় নামার আহ্বান জানান।
এক পোস্টে তিনি লেখেন, ‘গাজীপুর-০২ আসনে বিএনপি ভোট ডাকাতির জাল বুনেছে। হঠাৎ রেজাল্ট ঘোষণা থেমে গেছে। সবাই রাস্তায় নেমে আসুন।’
পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, ওই আসনের ফলাফল শিট পরিবর্তনের চেষ্টা চলছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এএস/

