শিবচরে পোস্টাল ব্যালটে হানজালার নাটকীয় জয়
মো. খলিল মিয়া, শিবচর (মাদারীপুর)
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮
বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি : বাংলাদেশের খবর
মাদারীপুর-১ (শিবচর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ পর্যন্ত ফল নির্ধারিত হয় পোস্টাল ব্যালটের ভোটে। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
সারাদিন ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার মনিটরিং রুমে কেন্দ্রভিত্তিক ফল আসতে শুরু করলে দেখা যায়, ১০২টি কেন্দ্রের অধিকাংশেই এগিয়ে ছিলেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৪ হাজার ২৯১ ভোট। অন্যদিকে রিকশা প্রতীকে সাইদ উদ্দিন আহমাদ হানজালা পান ৬৩ হাজার ৫১১ ভোট।
তবে পোস্টাল ব্যালটে চিত্র বদলে যায়। সেখানে হানজালা পান ১ হাজার ৩৯৮ ভোট, আর নাদিরা আক্তার পান ২৩৩ ভোট। সব মিলিয়ে হানজালা মোট ৬৪ হাজার ৯০৯ ভোট এবং নাদিরা আক্তার ৬৪ হাজার ৫২৪ ভোট পান। ফলে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয় হানজালার।
এ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৫৬৪ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামি আন্দোলনের আকরাম হোসেন পেয়েছেন ৬ হাজার ২০৫ ভোট, রাজিব মোল্লা ৩ হাজার ২৬ ভোট, সাজ্জাদ হোসেন সিদ্দিকী ৩ হাজার ৫৯ ভোট, ইমরান হাসান ২৪৭ ভোট, আব্দুল আলী ২০৮ ভোট, জহিরুল ইসলাম মিন্টু ১৮০ ভোট এবং হাফিজুর রহমান ৬৯ ভোট।
বিজয়ের পর নিজ বাড়ি বাহাদুরপুর মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে সাইদ উদ্দিন আহমাদ হানজালা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি, সেটি এখন বড় বিষয় নয়। আমি এখন শিবচরের সবার প্রতিনিধি। সবার নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমার দায়িত্ব।’
তিনি দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে কোনো ধরনের আনন্দ উল্লাস না করার পরামর্শ দেন। একই সঙ্গে ঘোষণা দেন, শিবচরের হাটবাজার ও বাসস্ট্যান্ড থেকে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
এআরএস

