কুষ্টিয়ার তিন আসনে জামায়াত, একটিতে বিএনপির জয়
আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ ওরফে বাচ্চু মোল্লা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা বেলাল উদ্দীন পেয়েছেন ৮৫ হাজার ভোট।
রেজা আহমেদ বাচ্চু মোল্লা এর আগেও বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাবা প্রয়াত আহসানুল হক পচা মোল্লা এই আসন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হন এবং বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর প্রায় ৪৬ হাজার ৫৩৪ ভোটের ব্যবধানে বিএনপির রাগীব রউফ চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হন। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৭০টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি পান ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের রাগীব রউফ চৌধুরী পান ১ লাখ ৪৩ হাজার ২৮২ ভোট। আব্দুল গফুর এর আগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৫০ হাজার ৯২৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই আসনের ১৪২টি কেন্দ্রের মধ্যে ১৩৬টির বেসরকারি ফলাফলে আমির হামজা পান ১ লাখ ৭০ হাজার ৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার পান ১ লাখ ১৯ হাজার ১৩৭ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২৬৯ ও নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭ হাজার ৬৩০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এই আসনের ১৫২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪৬ হাজার ২০৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পান ১ লাখ ৩৮ হাজার ৫৭৪ ভোট।
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের কোনো একটিতেও জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি। এই প্রথম কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হলেন। কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন।
এআরএস

