নবনির্বাচিত এমপি ড. ইলিয়াস
সাংবাদিকদের জীবনযাত্রা ও পেশাগত কল্যাণে কাজ করার অঙ্গীকার
মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা সাংবাদিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও পেশাগত কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন।
বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ আশ্বাস দেন।
আসনটির ১৯৮টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের ইলিয়াস মোল্যা পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট। তারনিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট।
স্বতন্ত্র প্রার্থী আবুল বাসার খান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৩৮৭ ভোট। আসনটিতে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজয়ী বক্তব্যে ড. ইলিয়াস মোল্যা সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অভিহিত করেন। এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি সংবাদকর্মীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। সাংবাদিকরা যেন নির্ভয়ে ও সুষ্ঠু পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করার কথাও বলেন।
ফল ঘোষণার পর উপজেলা পরিষদ চত্বরে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত এই সংসদ সদস্য। এ সময় তিনি এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।
এআরএস

