বরিশালের ৬ আসনেই বিএনপির জয়, গণভোটে সব আসনে ‘হ্যাঁ’ বিজয়ী
গাজী আরিফুর রহমান, বরিশাল
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীরা। একই দিনে অনুষ্ঠিত গণভোটেও জেলার প্রতিটি আসনে বিপুল ভোটে 'হ্যাঁ' ভোট জয়লাভ করেছে। এর মধ্যে বরিশাল-৫ আসনে সর্বোচ্চ ১ লাখ ৭৬ হাজার ৬৮৭টি 'হ্যাঁ' ভোট পড়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।'
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিটি আসনেই বিএনপি-সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিরাট ব্যবধানে জয় পেয়েছেন। দ্বিতীয় অবস্থানের লড়াইয়ে অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে।
আসনভিত্তিক ফলাফল নিম্নরূপ :
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) : বিএনপির জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবাহান পেয়েছেন ৪৪ হাজার ১৮৮ ভোট।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) : বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের আবদুল মন্নান পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট। ইসলামী আন্দোলনের নেছার উদ্দিন পেয়েছেন ৬ হাজার ২১ ভোট।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) : বিএনপির জয়নুল আবেদীন ৮০ হাজার ৯৩০ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। জামায়াত জোট-সমর্থিত ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ইসলামী আন্দোলনের মুহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৩২৬ ভোট।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) : বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতের মোহাম্মদ আব্দুল জব্বার পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট।
বরিশাল-৫ (সদর ও মহানগর) : বিএনপির মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৫ হাজার ৪৪ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী পেয়েছেন ২২ হাজার ৪৮৬ ভোট।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) : বিএনপির আবুল হোসেন খান ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। জামায়াতের মো. মাহমুদুন্নবী পেয়েছেন ৫৫ হাজার ৯৮৮ ভোট। ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম পেয়েছেন ২৯ হাজার ১৪৬ ভোট।
চূড়ান্ত ফলাফলে দেখা যায়, জেলার প্রতিটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন। পাশাপাশি গণভোটে 'হ্যাঁ' ভোটের বিপুল সমর্থন জেলার নির্বাচনী ফলাফলে ভিন্ন মাত্রা যোগ করেছে।
এআরএস

