ফেনীর তিন আসনে বিএনপির মিন্টু, জয়নাল ও মজনু বিজয়ী
এম. এমরান পাটোয়ারী, ফেনী
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনের ১২১টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির মুন্সি রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৭১৫ ভোট। এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩৯ হাজার ৫৪৯টি এবং না ভোট ৬০ হাজার ৪৫৮টি।
ফেনী-২ (ফেনী সদর) আসনের ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু পেয়েছেন ৮০ হাজার ৫৮ ভোট। এ আসনে হ্যাঁ ভোট ১ লাখ ৩৮ হাজার ৭৩২টি এবং না ভোট ৭২ হাজার ৫৩৩টি।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের ১৬১টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির আবদুল আউয়াল মিন্টু ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট। এ আসনে হ্যাঁ ভোট ১ লাখ ৬১ হাজার ৩২১টি এবং না ভোট ১ লাখ ১৪টি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফেনীর তিনটি আসনে মোট ভোটার ১৩ লাখ ৩০ হাজার ৯২৪ জন। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৮৭ হাজার ৮৬৭ জন, নারী ৬ লাখ ৪৩ হাজার ৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আটজন। জেলায় ৪২৮টি ভোটকেন্দ্র ও দুই হাজার ৪৩৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ফেনী-১ আসনে সাতজন, ফেনী-২ আসনে ১১ জন ও ফেনী-৩ আসনে আটজন প্রার্থী ছিলেন।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এআরএস

