বরিশালের একমাত্র বিজয়ী নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল অঞ্চলে একমাত্র নারী প্রার্থী হিসেবে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১টি আসনে ১২৪ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র দুজন, যা মোট প্রার্থীর শতকরা ২ ভাগেরও কম। তারা হলেন ঝালকাঠি-২ আসনের বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং বরিশাল-৫ (সিটি করপোরেশন-সদর) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী মনীষা চক্রবর্তী।
ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, জনমত জরিপ ও ভোটারদের ব্যাপক সমর্থনের ভিত্তিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের প্রার্থী হিসেবে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে মনোনয়ন দেন। দলীয় অভ্যন্তরীণ কিছু বিরোধিতা থাকলেও তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে বিজয় অর্জন করেছেন।
সংসদীয় এলাকায় ইলেন ভুট্টো নামেই পরিচিত ইসরাত সুলতানা। তার প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টো একসময় জাসদ ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দিয়ে তিনি ঝালকাঠি-২ আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর পর ২০০০ সালের উপনির্বাচনে ইলেন ভুট্টো বিএনপির প্রার্থী হয়ে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুর কাছে পরাজিত হন। তবে ২০০১ সালের নির্বাচনে তিনি আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ‘ঝালকাঠি সদর ও নলছিটির জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এ জন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীতে এলাকার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।’
গাজী আরিফুর রহমান/এসএসকে/

