টাঙ্গাইলে ৭ আসনে বিএনপি ও ১ আসনে বিদ্রোহী প্রার্থীর জয়
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে জয়ী হয়েছেন বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। নির্বাচন সুষ্ঠু করতে প্রায় ১৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। ৮টি আসনে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে মহিলা ভোটার ১৬ লাখ৭১ হাজার ১৯৮ জন এবং পুরুষ ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৮২২ জন। এবার নতুন ভোটার ছিল ১ লাখ ৮৭ হাজার ৫২৬ জন।
বিস্তারিত ফলাফল
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) : বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম ১,৫৪,৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহেল কাফি পেয়েছেন ৯২,৭৮১ ভোট।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) : বিএনপির আবদুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১,৯৪,৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৫৭,৫১৬ ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) : স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ৯০,৭৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮,০৯৯ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) : বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ৯১,৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৫৩,৫৭৪ ভোট।
টাঙ্গাইল-৫ (সদর) : বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১,২৯,৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৭৮,৫১৫ ভোট।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) : বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু ধানের শীষ প্রতীকে ১,৮৯,২০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ পেয়েছেন ৮৭,৯০৪ ভোট।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) : বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ ধানের শীষ প্রতীকে ১,৪১,৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াত প্রার্থী আবদুল্লাহ ইবনে আবু হোসেন পেয়েছেন ৭০,০৫১ ভোট।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) : বিএনপির প্রার্থী আহমেদ আজম খান ধানের শীষ প্রতীকে ১,১৫,১৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন ৭৫,৩৭৩ ভোট।
এমএইচএস

