Logo

সারাদেশ

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত অন্তত ৩৫

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৩

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত অন্তত ৩৫

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব পৃথক ঘটনায় অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত চলা এই সহিংসতায় একটি উপজেলা প্রেসক্লাব ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের শিকার হয়েছে।

শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বিএনপি নেতা মধু মোল্লা ও তপনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হন, যাদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী ক্যাম্পে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থী জয়ী হওয়ার পর স্বতন্ত্র ও ধানের শীষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমিরসহ বাবা ও ছেলের পরিচয় পাওয়া গেছে।

সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামেও ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও কাপ-পিরিচ প্রতীকের সমর্থকদের ওপর হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জন জখম হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এর আগে বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে অবস্থিত ‘প্রেসক্লাব মহেশপুর’ কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালায়, যা স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

সহিংসতার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনলেও কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন তা অস্বীকার করে জানিয়েছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানিয়েছেন, সহিংসতা কবলিত এলাকাগুলোতে পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর